দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার কারণে অগ্নিসংযোগের দাবিতে গাজীপুরের দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “আগুন জালাইয়া দিছে আমার বাড়িতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার কারণে অগ্নিসংযোগের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গতবছরের ডিসেম্বর গাজীপুরে শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে গতবছরের ১ ডিসেম্বর ‘গাজীপুরে তিন স্থানে একযোগে অ’গ্নি’কা’ণ্ড: শতাধিক ঘর ও গোডাউন পুড়ে ছাই’’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৫ সেকেন্ড অংশ থেকে ৮ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner
এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে গতবছরের ১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুটি কলোনি বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৭৫টি টিনশেড ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় একাধিক বাসিন্দার বরাতে বলা হয়, ওই এলাকায় বায়েজিদ হোসেন নামের এক ব্যক্তির টিনশেড কলোনি বাড়ি আছে। কলোনির একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই কলোনির সঙ্গে লাগোয়া মহিউদ্দিন নামের আরেক ব্যক্তির মালিকানাধীন কলোনি বাড়িতে আগুন ছড়ায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি রাজনৈতিক কারণে সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের নয়।
সুতরাং, দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার কারণে অগ্নিসংযোগের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Tribune – গাজীপুরে তিন স্থানে একযোগে অ’গ্নি’কা’ণ্ড: শতাধিক ঘর ও গোডাউন পুড়ে ছাই
- Prothom Alo – গাজীপুরে আগুনে পুড়ল দুই কলোনি বাড়ির ৭৫ টিনশেড ঘর

