সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত পরীক্ষার রুটিন প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এইচএসসি পরীক্ষার রুটিনটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কোনো অফিশিয়াল রুটিন শিক্ষা বোর্ড থেকে এখনও প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অনুসন্ধানে খবরের কাগজ গণমাধ্যমের ওয়েবসাইটে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি ২০২৫ পরীক্ষার রুটিন পাওয়া যায়। উক্ত রুটিন বিশ্লেষণ করে দেখা যায়, প্রচারিত রুটিনটির সঙ্গে ওই রুটিনের উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। সরকারি প্রতিটি সরকারি বিজ্ঞপ্তিতে একটি অনন্য বা ইউনিক স্মারক নম্বর ব্যবহৃত হয়, যা অন্য কোনো নথির সঙ্গে মিলে যাওয়ার সুযোগ নেই। তবে আলোচিত রুটিনটিতে উল্লেখিত স্মারক নম্বর (স্মারক নং-আশিবো/প্রশা/২০১০/১৫) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিনে ব্যবহৃত স্মারক নম্বরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়।

অর্থাৎ, ২০২৫ সালের উক্ত রুটিনটিকে সম্পাদনা করে তারিখগুলো পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
এছাড়া নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র বা মূলধারার গণমাধ্যমেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন যে, এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন এখনও প্রকাশ করা হয়নি।
সুতরাং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিনটি মিথ্যা এবং ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Khaborer Kagoj – ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
- Statement from SM Kamal Uddin Haider


