বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে গত ১৪ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়া গত ১৫ জুলাই পরীক্ষা শেষে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ফেলেছে’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আন্দোলনকারী এইচএসসি পরীক্ষর্থীদের সচিবালয়ের প্রধান ফটক ভাঙার কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের জুলাইতে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে ২০২৫ সালের ২২ জুলাই ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট ভেঙ্গে আবারো সচিবালয়ে’ শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মূল ভিডিও পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, এটি ২০২৫ সালে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের দৃশ্য।
এছাড়া, আলোচিত বিষয়ে ঐসময়ে দেশীয় একাধিক সংবাদ মাধ্যমে (প্রথম আলো, সময় টিভি, দ্য ডেইলি ক্যাম্পাস) সংবাদ প্রচার হয়। উক্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
জানা যায়, ২০২৫ সালের ২২ জুলাই শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ও জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে হাজারো শিক্ষার্থী সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সুতরাং, ২০২৫ সালে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের ভিডিওকে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয়ের প্রধান ফটক ভাঙার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Maasranga News: বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট ভেঙ্গে আবারো সচিবালয়ে
- Prothom Alo: শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ
- Somoy Tv: গেট ভেঙে সচিবালয়ে শিক্ষার্থীদের ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ
- The Daily Campus: সচিবালয়ের গেট ভেঙে ভেতরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, পুলিশের ফাঁকা গুলি


