পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নেতা বুলুর মন্তব্য দাবিতে যুগান্তরের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বৈরী আবহাওয়ায় গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে গত ১৪ জুলাই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়া গত ১৫ জুলাই পরীক্ষা শেষে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সংবাদমাধ্যম যুগান্তরের নাম ও লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘ছাত্র-ছাত্রীদের বলি দ্রুত রাস্তা ছাড়, বিএনপি উড়ে আসেনি। এসব গাইগরুর আন্দোলন বিএনপি ভয় পায় না। কিভাবে রাস্তা পরিস্কার করতে হয় তা আমরা জানি?’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের রাস্তা ছাড়ার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এমন কোনো মন্তব্য করেননি এবং যুগান্তরও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুগান্তরের লোগো সংযুক্ত করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে যুগান্তরের লোগোর সংযুক্তি পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিতে সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পত্রিকাটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর ডিজাইনের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের পার্থক্য দেখা যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে বরকত উল্লাহ বুলুর মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে নানা গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই এক মানববন্ধনে ভারতে খ্রিষ্টানসহ সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত, তাদের উপাসনালয় ভাঙচুর ও খ্রিষ্টান নারীকে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের অধীনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন এবং গত ১৬ জুলাই এক আলোচনাসভায় গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে অনুসন্ধানে তাকে সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন বিষয়ে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
সুতরাং, আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের রাস্তা ছাড়ার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মন্তব্য দাবিতে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Jugantor – Facebook Page
- Jugantor – Website
- Ajker Patrika – পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর
- Alokito Bangladesh – রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানালেন বিএনপি নেতা বুলু
- Rumor Scanner’s analysis

