সম্প্রতি টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ১৪ জুলাই সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন।
এ ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যায় বিপুল সংখ্যক শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন এবং একজন শিক্ষার্থীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাকে আমরা আবার চাই’।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে সরিয়ে দিছিলাম, আমরা উনাকে আবার ব্যাক চাই – একজন সাধারণ শিক্ষার্থী। ইনশাল্লাহ খুব দ্রুতই ফিরবেন!’
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীর হাতে ‘শেখ হাসিনাকে আমরা আবার চাই’ লেখা প্ল্যাকার্ডযুক্ত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত প্ল্যাকার্ডটি সংযোজন করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১৫ জুলাই প্রথম আলোর ফেসবুক পেজে প্রকাশিত এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের একাধিক খণ্ডচিত্র পাওয়া যায়। সেসব ছবির মধ্যে একটি ছবির সঙ্গে বর্তমানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির পারিপার্শ্বিক দৃশ্যের অধিকাংশ মিল পাওয়া যায়। তবে মূল ছবিতে শিক্ষার্থীর হাতে ‘শেখ হাসিনাকে আমরা আবার চাই’ লেখা কোনো প্ল্যাকার্ড নেই, বরং তার হাতে একটি ফাইল দেখা যায়।

অর্থাৎ, উক্ত ছবিটিকে ডিজিটালভাবে সম্পাদনা করে শিক্ষার্থীর হাতে প্ল্যাকার্ড সংযোজনের মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এছাড়া, বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা মূলধারার গণমাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার এমন কোনো প্ল্যাকার্ড প্রদর্শনের তথ্য বা ছবি পাওয়া যায়নি।
সুতরাং, ‘শেখ হাসিনাকে আমরা আবার চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীর ছবিটি সম্পাদিত।


