এইচএসসি পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ দাবিতে ২০২৫ সালের ভিডিও প্রচার

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও গত ১৩ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে গতকাল (১৪ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

এই প্রেক্ষাপটে আজ (১৫ জুলাই) সকালে শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে পুলিশ লাঠিচার্জ করছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের সঙ্গেও সম্পর্কিত নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পুরোনো ভিডিও।

ভিডিওটির উৎস অনুসন্ধানে অনলাইন পোর্টাল আই নিউজ বিডির ফেসবুক পেজে ২০২৫ সালের ২২ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি সে সময় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জের দৃশ্য।

একই দিনে ঢাকা মেইলে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর ধানমন্ডিতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ কয়েকজন আহত হন। আগের রাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে পরদিন কলেজটির কিছু শিক্ষার্থী সিটি কলেজের সামনে গিয়ে গেটে থাকা স্টিলের লোগো খুলে নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে এবং সায়েন্সল্যাব মোড় অবরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, গতকাল শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর তারা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সন্ধ্যায় কয়েকজন সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে তাদের আসাদগেট পর্যন্ত সরিয়ে দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে আজ সকালে শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে লাঠিচার্জের কোনো ঘটনার তথ্য মেলেনি।

সুতরাং, এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ১৫ জুলাই শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে পুলিশের লাঠিচার্জের দাবিতে ২০২৫ সালের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: