‘টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’ শীর্ষক মন্তব্য করেননি আইসিটি মন্ত্রী মাহবুব

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বিএনপি নেতা ফকির মাহবুব আনামের (এমপি) ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে ফকির মাহবুব আনাম বলেছেন, ‘বাংলাদেশে টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশে টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’ শীর্ষক মন্তব্য করেননি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘আলার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আলার আশো’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি এই পেজে বিনোদনমূলক সংবাদ আকারে প্রকাশ করা হয়।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, প্রচারিত পোস্টে তাকে ‘প্রতিমন্ত্রী’ বলা হলেও তিনি বর্তমান সরকারের পূর্ণ ‘মন্ত্রী’।

সুতরাং, ‘বাংলাদেশে টিকটক প্লাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’ শীর্ষক মন্তব্য ফকির মাহবুব আনাম করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • আশার আলো – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: