অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়নি, প্রচারিত ছবিটি সম্পাদিত 

২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনয়শিল্পী সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে জাহের আলভীর বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন- এমনটাই অভিযোগ তার পরিবার ও বন্ধুদের। ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জাহের আলভীকে প্রধান আসামি এবং অভিনেত্রী ইফফাত আরা তিথিকে অন্যতম আসামি করে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় জাহের আলভীর মাসহ তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এরই প্রেক্ষিতে ‘অবশেষে নিজ বাসা থেকে গ্রেফতার হলেন আলভির পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিথি.!’ একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন একজন ব্যক্তির ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৫ মে ‘আ.লীগ নেত্রীকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে থাকা নারীর পোশাক, অঙ্গভঙ্গি এবং তার আশেপাশে থাকা অন্যান্য ব্যক্তি ও পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ছবিটির মিল থাকলেও উভয় ছবিতে থাকা নারীর মুখমণ্ডলে ভিন্নতা রয়েছে।

উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে আটক করেছে পুলিশ। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে উত্তেজিত জনতা ওই নেত্রীকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। প্রতিবেদনটি সংযুক্ত ছবিতে থাকা ওই নারী আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি।

অর্থাৎ, উক্ত ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশির মুখমণ্ডলের স্থলে অভিনেত্রী ইফফাত আরা তিথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷

পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবি পর্যবেক্ষণ করেও একই তথ্য পাওয়া যায়।

এছাড়া, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হলে এ বিষয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, ইফফাত আরা তিথির ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে তাকে ফেসবুকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা গেছে।

সুতরাং, অভিনেত্রী ইফফাত আরা তিথিকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: