ইফতার খেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার দাবিতে রুকইয়াহর ভিডিও প্রচার

সম্প্রতি, ইফতারে থাকা বেগুনিতে বিষাক্ত উপাদান থাকায় তা খেয়ে মাদ্রাসার ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইফতারি করে মাদ্রাসা শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত জানুয়ারি মাসে ঢাকার ডেমরার একটি মাদ্রাসায় ইসলামিক চিকিৎসা রুকইয়াহ করার সময় ধারণ করা।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Rajshahi Ruqyah & Hijama Centre নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৯ ফেব্রুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি মাদ্রাসার ছাত্রদের রুকইয়াহ করার মুহূর্তে ধারণ করা ভিডিও। পোস্টটির কোথাও ইফতার করে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কথা বলতে দেখা যায়।

পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় গত ৩০ জানুয়ারি একই স্থান থেকে সরাসরি সম্প্রচার করা আরেকটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি রমজানের আগের ঘটনার। এছাড়াও, উক্ত ভিডিওতেও ইফতারের ঘটনার পরিবর্তে রুকইয়াহ করার বিষয়টি উল্লেখ রয়েছে।

তাই এ বিষয়ে জানতে উল্লিখিত পেজটির সাথে যোগাযোগ করা হলে রাজশাহী রুকইয়াহ ও হিজামা সেন্টার কর্তৃপক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, ইফতার করে মাদ্রাসা শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার দাবিটি ভুয়া। এটা মূলত রুকাইয়া সংক্রান্ত ভিডিও। জানুয়ারি মাসে ঢাকার ডেমরার একটা মাদ্রাসায় ভিডিওটি ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, রুকইয়াহ (Ruqyah) হলো ইসলামি শরিয়ত অনুযায়ী কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং আল্লাহর নাম ব্যবহার করে ঝাড়ফুঁক বা চিকিৎসা করা। এটি জাদু, জিন বা বদনজর থেকে মুক্তির জন্য করা হয়, যেখানে সরাসরি শরীরে বা পানি/খাবারের ওপর ফুঁ দেওয়া হয়।

সুতরাং, রুকইয়াহ করার ভিডিওকে ইফতার করে মাদ্রাসার শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rajshahi Ruqyah & Hijama Centre Facebook Post
  • Rajshahi Ruqyah & Hijama Centre Facebook Post
  • Statement of Rajshahi Ruqyah & Hijama Centre
  • Rumor Scanner’s Analysis
Share: