‘পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে’ শীর্ষক মন্তব্য করেননি আইজিপি

সম্প্রতি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আলী হোসেন ফকির বলেছেন, ‘পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে’ শীর্ষক মন্তব্য করেননি আইজিপি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Channel Ai’ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘Channel Ai’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্বাধীন, পরীক্ষামূলক এআই-ভিত্তিক কনটেন্ট প্ল্যাটফর্ম। আমরা শুধুমাত্র শিক্ষা, সৃজনশীলতা এবং বিনোদনের উদ্দেশ্যে এআই-জেনারেটেড ভিডিও তৈরি করি।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
ফটোকর্ডে ব্যবহার হওয়া আইজিপির ছবির সূত্রপাত অনুসন্ধানে সময় টিভির একটি ভিডিও প্রতিবেদন ও ইনকিলাব পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ মার্চ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে আইজিপি বলেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ মারা গেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ব্রিফিংয়ে দাবি সংক্রান্ত কোনো বক্তব্য দেননি তিনি।
সুতরাং, ‘পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে’ শীর্ষক মন্তব্যটি আইজিপি মো. আলী হোসেন ফকির করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channel Ai– Facebook Post
- Somoy TV – পুলিশ হত্যার বিচার নিয়ে যা বললেন আইজিপি
- Inqilab – পুলিশ হত্যার বিচার নিয়ে যা বললেন আইজিপি
- Rumor Scanner’s Analysis

