তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমাচ্ছে দাবিতে এআই ছবি প্রচার  

চলমান জ্বালানী তেলের সংকট ইস্যুর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘তেল কিনার অপেক্ষায় তেলের পাম্পে রাস্তায় ঘুমিয়ে আছে দেশের মানুষ।’ প্রচারিত ছবিতে দেখা যায়, পাশে বাইক রেখে পেট্রোল পাম্প সদৃশ জায়গায় বেশ কয়েকজন মানুষ ঘুমাচ্ছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আলোচিত ছবি সংবলিত ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল ছবি নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে বাইক ও মানুষের বিন্যাসে অস্বাভাবিকতা, ব্যানারে থাকা লেখার অক্ষরে বিকৃতি লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

পাশাপাশি, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়াও, প্রচারিত ছবিটি এআই তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্ট দিয়ে যাচাই করলে ছবিটি এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ দেখা যায়।

সুতরাং, তেল কিনতে এসে মানুষ রাস্তায় ঘুমানোর আসল দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • AI Analysis
Share: