দীপু মনির সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতির এই ছবিটি সম্পাদিত

সম্প্রতি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির সাথে চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ছবিটিতে তাদের দুইজনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুও রয়েছেন।

দীপু মনির সাথে শেখ ফরিদ আহমেদ মানিকের একসাথে ছবি দবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীপু মনির সাথে চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের এই ছবিটি আসল নয় বরং, ২০২১ সালে অক্টোবরে ঢাকায় অষ্টম ইয়ং লায়ন ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠানের একটি ছবিতে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ওরফে টিপুর জায়গায় সম্পাদনার মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি রিভার্স সার্চ করে ‘প্রজন্ম একাত্তর’ নামক ফেসবুক পেজ থেকে ২০২১ সালের ২৩ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এই পোস্টের প্রচারিত ছবির মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাথে সাদৃশ্য আছে এমন একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে, সেই ছবিতে দীপু মনির পাশে শেখ ফরিদ আহমেদ মানিক নয়, রয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ওরফে টিপু। এছাড়া ছবির বাকী সকল বিষয়ের হুবহু মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশনেবলা হয়, ‘৮ম ইয়ং লায়ন বি খিউকুশিন ফুল কন্টাক কারাতে টুর্নামেন্ট ২০২১ইং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাংলাদেশ শাখা প্রধান শিহান মনির আহমেদ ভূঁইয়ার এর রচিত “খিউকুশিন কারাতে” বই এর মোড়ক উন্মোচন ব্লাক বেল্ট প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আপা।’

এছাড়াও বলা হয়, ‘বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ভাই, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাই।।’

এছাড়াও, সেই সময় ‘Jahangir Hossen Nabir’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই বিষয়ে প্রচারিত পোস্টেও ছবিটি পাওয়া যায়। তবে, এই পোস্টের ছবিতেও শেখ ফরিদ আহমেদ মানিক নয়, রয়েছেন দীপুমনির বড় ভাই জে আর ওয়াদুদ ওরফে টিপু।

এই পোস্ট দুটি ছবি পর্যলোচনা করে এটি নিশ্চিত যে ২০২১ সালের ছবিটি প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ ওরফে টিপুর জায়গায় শেখ ফরিদ আহমেদ মানিকের ছবি সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কারাতে সংস্থা কিয়োকুশিনকাইকানের ওয়েবসাইট থেকে জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর ঢাকায় অষ্টম ইয়ং লায়ন ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীনশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. জে. আর. ওয়াদুদ টিপু ও এ.কে.এম. আফজালুর রহমান বাবু।

পরবর্তীতে শেখ ফরিদ আহমেদ মানিকের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত ছবির বিষয়ে গত ২৪ জুন একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টর ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর , বিনা ভোটের এমপি দীপু মনির সাথে আমার একটা কাট এন্ড পেষ্ট ছবি সামাজিক মাধ্যমে অসৎ উদ্দেশ্য প্রনোদিত হয়ে ছড়ানো হয়েছে।

চাঁদপুরে দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগের দিপু মনি দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। বার বার কারাগারে নেয়া হয়েছে। আমার ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসা বানিজ্য ধ্বংস করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে হত্যা সহ বহু মামলার আসামি করা হয়েছে। দিপু মনি আমার মার্কা ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে। অথচ সেই দিপু মনির সাথে ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে! অন্যায় অপপ্রচার নয় , সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতায় স্বাগত জানাই।আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমিন। (সবার জ্ঞাতার্থে আসল ও নকল ছবিগুলো সংযুক্ত করলাম)’

সুতরাং, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির সাথে চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ভাইরাল ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: