সম্প্রতি, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে মুক্তি পেয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইমরান খান জেল থেকে মুক্তি পাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। ইমরান খানের ফেসবুক পেজ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত বছরগুলোতে তিনি বিভিন্ন মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে চলমান অন্যান্য মামলায় জেলে রয়েছেন।
পরবর্তীতে, বিষয়টি নিশ্চিত হতে পাকিস্তানের ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘Soch Fact Check’ এর সহ-প্রতিষ্ঠাতা সুফিয়ান সুলতানের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, ইমরান খান জেল থেকে মুক্তি পাননি, তার বিরুদ্ধে এখনো অনেকগুলো কেস চলমান রয়েছে।
উল্লেখ্য, গতকাল ৩ মার্চ পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি তোশাখানা ভুয়া রসিদ মামলাসহ আরও পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেছে।
সুতরাং, ইমরান খানের মুক্তি পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Imran Khan – Facebook Page
- Pakistan Tehreek-e-Insaf – Facebook Page
- Jugantor – তোশাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীর জামিন
- Pakistan Today – Islamabad Court Grants Pre-Arrest Bail to Imran Khan in Six Cases, Bushra Bibi in One
- Rumor Scanner’s analysis


