বাংলাদেশ দখল নিয়ে ভারতীয় সেনা কর্মকর্তার ভিডিওটি এআই সম্পাদিত

সম্প্রতি, ভারতীয় এক জেনারেল ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল নিয়ে অখণ্ড ভারত গঠনের পরিকল্পনা প্রকাশ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার দেখা যায়।

প্রচারিত ভিডিওটিতে তাকে বাংলাদেশ নিয়ে অখণ্ড ভারত গঠনের কথা সরাসরি বলতে না শোনা গেলেও, “আমরা ভারতীয় দর্শকদের আশ্বস্ত করতে চাই যে ভারত সন্ত্রাসী ইরানি শাসনের অবসান ঘটাতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সাহায্য করছে। ইসরায়েলের ‘বৃহত্তর ইসরায়েল’ (Greater Israel)-এর চূড়ান্ত লক্ষ্যের মতোই, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো অখণ্ড ভারত। ইসরায়েল যদি ইরানকে হঠাতে সফল হয়, তবে পাকিস্তানকে তিন দিক থেকে নিয়ন্ত্রণ করা যাবে: পূর্ব দিক থেকে ভারত এবং বাম দিক থেকে আফগান তালিবান ও ইসরায়েল-পন্থী ইরান। অখণ্ড ভারত ফিরে পাওয়ার জন্য এটিই ভারতীয় পথ। বাংলাদেশ ও নেপালের হুমকির বিষয়টি পরে মোকাবিলা করা হবে।” শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ভিডিওটি থ্রেডসেও প্রচার করা হয়। থ্রেডসে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় সেনা কর্মকর্তার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল নিয়ে অখণ্ড ভারত গঠনের পরিকল্পনা প্রকাশের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় সেনাবাহিনীর ডিজাইন ব্যুরোর (Army Design Bureau – ADB) অতিরিক্ত মহাপরিচালক (ADG) মেজর জেনারেল সি.এস. মানের ভিন্ন একটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরিকৃত ভয়েস যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ সংস্থা Press Trust of India – এর এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ৪ জুলাই একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

উভয় ভিডিওতেই PTI এর লোগো দেখতে পাওয়া যায়। তবে প্রাপ্ত ভিডিওটিতে আগের ভিডিওর বর্ধিত সংস্করণ হলেও এতে আলোচিত কথাগুলো বলতে শোনা যায়নি। বরং ভিডিওটিতে তাকে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে ড্রোন প্রযুক্তি ও শিল্পখাত নিয়ে কথা বলতে শোনা যায়। পাশাপাশি ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর ডিজাইন ব্যুরোর (Army Design Bureau – ADB) অতিরিক্ত মহাপরিচালক (ADG) মেজর জেনারেল সি.এস. মান।

একই সংবাদ সম্মেলন নিয়ে আরেক ভারতীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হতে দেখা যায়। সেখানেও অখণ্ড ভারত বিষয় কোনো আলাপের তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, ভিডিওটিতে ব্যবহৃত ভয়েসওভার বা কণ্ঠটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, এআই প্রযুক্তির সহায়তায় ভারতীয় এই সেনা কর্মকর্তার ভয়েস ক্লোনের মাধ্যমে ভিন্ন ভয়েসওভার তৈরি করে সেটি ভারতীয় সংবাদ সংস্থা Press Trust of India – এর ভিডিওটির সাথে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ভারতীয় সেনা কর্মকর্তার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল নিয়ে অখণ্ড ভারত গঠনের পরিকল্পনা প্রকাশের দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: