ময়মনসিংহে শিশু ধর্ষণের দাবিতে ভারতের বিহারের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘আবারও ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ভুট্টার জমিতে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সারাদেশে ধর্ষণের মহা উৎসব চলছে!!’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে ধর্ষণের পর শিশুকে হত্যার নয়। প্রকৃতপক্ষে, ভারতের বিহারে শিশু হত্যার একটি ঘটনার ভিডিওকে ভিন্ন দাবি জুড়ে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘hasan143shabab143’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১লা মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি ভারতের সন্দলপুর গ্রামে এক শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার ভিডিও।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিহারের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সন্দলপুর গ্রামে একটি মাঠে নয় বছর বয়সী এক বালিকার মৃতদেহ পাওয়া যায়। পুলিশের বরাতে বলা হয়, শিশুটি একদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, পরদিন কাছের একটি ভুট্টা ক্ষেত থেকে তার গলাকাটা মৃতদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্তও ১৩ বছর বয়সী কিশোর এবং তাকে আটক করা হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ভারতের।

সুতরাং, গত মার্চে ভারতের বিহারে শিশু হত্যার ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: