দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

সম্প্রতি, দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার একটি ভিডিওকে ক্যাপশনে বাংলাদেশের ঘটনা ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একজন ব্যক্তিকে রামদা নিয়ে একটি দোকানে প্রবেশ করে সেখানে অবস্থানরত দুজনকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ভিডিওটি বাংলাদেশের কোনো হত্যাকাণ্ডের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার পুরোনো হত্যাকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে VinothKumar Govindasamy নামের একজন ভারতীয় ব্যক্তির এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৬ নভেম্বর একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়।

ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার একটি মদের বারে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিওর। এছাড়াও উল্লেখ করা হয়, পারিবারিক কলহের কারণে উক্ত হত্যাকাণ্ডটি হয়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে Dinakaran এবং Dinamalar নামের তামিলনাড়ুর দুটি গণমাধ্যমে উক্ত ঘটনায় প্রকাশিত দুটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, ভারতের তামিলনাড়ুতে দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যাকাণ্ডের পুরোনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: