ভারতের হাইকমিশনার বিএনপিকে ক্ষমতায় বসানোর আশ্বাস দিয়েছেন দাবিতে চ্যানেল২৪ এর সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ভারতের হাইকমিশনার তারেক রহমান’কে আশ্বাস দিয়েছেন ১২ ই ফেব্রুয়ারিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে।’ শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ভারতের হাইকমিশনার তারেক রহমান’কে আশ্বাস দিয়েছেন ১২ ই ফেব্রুয়ারিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১০ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১০ জানুয়ারি চ্যানেল২৪ এর ফেসবুক পেজে “তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে, এই ফটোকার্ডটিতে “তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক” শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে “ভারতের হাইকমিশনার তারেক রহমান’কে আশ্বাস দিয়েছেন ১২ ই ফেব্রুয়ারিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে” শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। একই দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা। পৃথক এসব বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, “ভারতের হাইকমিশনার তারেক রহমান’কে আশ্বাস দিয়েছেন ১২ ই ফেব্রুয়ারিতে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবে” শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: