ভারতে মুসলিম ব্যক্তিকে ধর্মীয় পরিচয়ের জেরে হত্যা দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, দিনেদুপুরে ভারতে এক মুসলিম ব্যক্তিকে হত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওটির ভয়েসওভারে বলা হয়, “এই ভাই দেখেন, দাদাবাবুদের ভারত। যে ভারতে নাকি মুসলিমদের কোনো নিরাপত্তা নেই। দিনে দুপুরে দেখেন কীভাবে একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই ভিডিওটা এরকম শেয়ার করে দিবেন যেন সারা দুনিয়া দেখতে পারে।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হামলার ঘটনা। অভিযুক্ত ও ভুক্তভোগী একই ধর্মাবলম্বী।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের টিভি৯ উত্তর প্রদেশের ফেসবুক পেজে গত ১ মে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে ঘটনাস্থল হিসেবে উত্তর প্রদেশের আমরোহার কথা উল্লেখ করা হয়।
এছাড়া, ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণে গত ৩০ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের আমরোহায় প্রেমঘটিত বিয়েকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় তরুণী নিদার সঙ্গে জানে আলমের বিয়ে মেনে না নেওয়ায় এ বিরোধের সূত্রপাত হয়। এরই জেরে গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে নিদার ভাই আতিফ, বিজনৌর রোডের একটি দোকান থেকে জানে আলমের বাবা মোবীন আহমেদকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে আঘাত করেন। হামলার পর অভিযুক্তরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মোবীন আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত এক পথচারীর ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় আতিফসহ তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ফয়েজ নামের এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।
তবে, প্রতিবেদনের কোথাও সাম্প্রদায়িক হামলার তথ্য পাওয়া যায়নি। বরং, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত বলে বর্ণনা থেকে জানা যায়। একইসঙ্গে, অভিযুক্ত ও ভুক্তভোগীর নাম থেকেও তারা একই ধর্মাবলম্বী বলে প্রতীয়মান হয়।
সুতরাং, ভারতের পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলার ঘটনাকে মুসলিম ব্যক্তিকে ধর্মীয় পরিচয়ের জেরে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- TV9 Uttar Pradesh – Facebook Post
- Jagaran – हैवानियत का वीडियो वायरल: बहन के प्रेम विवाह से भड़के भाई ने सरेराह ससुर को रॉड से पीटा, हालत गंभीर

