ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের জয় ও বাংলাদেশের উল্লাসের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি প্রচার

গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার মাধ্যমে দুই দেশে সংঘাতের শুরু হয়। পরবর্তীতে কয়েকদিন ধরে চলা ড্রোন ও মিসাইল হামলায় দুই দেশেরই ব্যাপক ক্ষতক্ষতি সংঘটিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের মাধ্যমে শেষে দুই দেশ সমঝোতায় পৌঁছায়। তবে উক্ত সংঘাতে বা যুদ্ধে পাকিস্তান জয় লাভ করেছে ও এই বিজয় পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের জনসাধারণও উদযাপন করেছে দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রচার করা হয়েছে।

প্রচারিত ছবিগুলোর একটিতে রাতের আকাশে আতশবাজি ফুটতে দেখা যায় এবং অপরটিতে স্টেডিয়ামের গ্যালারি সদৃশ্য একটি জায়গায় বিভিন্ন বয়সের মানুষকে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা হাতে উল্লাস করতে দেখা যাচ্ছে।

ভারত-পাকিস্তান

এক্স-এ প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিগুলোর সাথে ভারত পাকিস্তানের সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, করোনা পরবর্তী সময়ে রাজধানী ঢাকায় ইংরেজি নববর্ষ উদযাপনের একটি ছবি এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পুরোনো একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

আলোচিত পোস্টটিতে থাকা প্রথম ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেশীয় গণমাধ্যম Dhaka Tribune এর ওয়েবসাইটে ২০২১ সালের ১ জানুয়ারি In Pictures: Welcoming new year amid pandemic শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবির অ্যালবাম খুঁজে পাওয়া যায়।

অ্যালবামটি পর্যালোচনা করে দেখা যায়, ২০২০ সালের করোনা মহামারীর ভয়াল দিনগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বাংলাদেশসহ বিভিন্ন দেশগুলো কীভাবে বরণ করে নিচ্ছে সেটি অ্যালবামটিতে দেখানো হয়েছে। যেখানে রাজধানী ঢাকার বেশ কয়েকটি ছবি দেখতে পাওয়া যায়। যার একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। উক্ত ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, মাহমুদ হুসাইন অপি নামের এক ব্যক্তি ছবিটি পুরান ঢাকা থেকে তোলেন।

অর্থাৎ, ছবিটির সাথে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই।

ছবি যাচাই ২

পরবর্তীতে গ্যালারি সদৃশ্য জায়গায় পাকিস্তান ও বাংলাদেশের পতাকাসহ মানুষের উল্লাসের ছবিটির বিষয়ে অনুসন্ধানে প্রায় একই মুহুর্তে একই ব্যক্তিদের ধারণ করা একটি ছবি খেলাধুলা বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফোতে খুঁজে পাওয়া যায়।

ছবিটি পর্যালোচনা করে উভয় ছবিতে একই ব্যক্তিদের দেখেতে পাওয়া যায়। যেখানে একদম মাঝে থাকা ব্যক্তিকে উভয় ছবিতেই ভিক্টোরি চিহ্ন দেখাতে দেখা যায়। ছবি দুটোর মধ্যে কয়েক মুহুর্তের ব্যবধান থাকায় পতাকার পজিশন ব্যতিত প্রায় সকল কিছুই একই রয়েছে।

পাশাপাশি ছবিটির ক্যাপশন এবং ওয়েবপেজটি পর্যালোচনার মাধ্যমে জানা যায়, এটি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সেসময় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় ধারণ করা হয়েছে। এছাড়াও ছবিটির ক্যাপশনে Getty Images এবং AFP কে ছবিটির ক্রেডিট দিতে দেখা যায়।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Getty Images এর ওয়েবসাইটেও ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানেও ক্যাপশনে একই তথ্য উল্লেখ করা হয়।

অর্থাৎ, উক্ত ছবিটির সাথেও ভারত-পাকিস্তান সংঘাতের কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের জয় হয়েছে এবং তা বাংলাদেশের জনসাধারণ উদযাপন করছে দাবিতে দুটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: