ভারতে পুরোহিত কর্তৃক নারী ভক্তকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ভারতে পুরোহিতের আপত্তিকর প্রস্তাব প্রত্যাখ্যানের পর নারী ভক্তকে হেনস্তার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। পোস্টটিতে দাবি করা হয়, ভুক্তভোগী ওই নারী ভক্তকে পুরোহিত নির্জন কক্ষে পূজা করতে ডেকে অনৈতিক প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই পুরোহিত তাকে মারধর করেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) একই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ভারতে কোনো পুরোহিত কর্তৃক নারী ভক্তকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি একই পূজারী পরিবারের সদস্যদের মধ্যে মন্দিরের সেবাপূজার বার্ষিক দায়িত্ব (পালা) হস্তান্তরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের একটি ঘটনা। সেই ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবিপির ওয়েবসাইটে গত ১ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত ভিডিওর নারী হেনস্তার ফুটেজের ছবিটি দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, নারী হেনস্তার ঘটনাটি ভারতের জোধপুরের একটি হনুমান মন্দিরে ঘটে। মূলত, ওই মন্দিরের পূজার দায়িত্ব হস্তান্তরের বিষয় নিয়ে এই ঘটনাটি ঘটে। মন্দিরটির সেবাপূজার দায়িত্ব একই পূজারী পরিবারের চার ভাইয়ের মধ্যে প্রতি বছর পালাক্রমে বণ্টিত হয়ে থাকে। তবে এ বছর দায়িত্ব হস্তান্তরের সময়ের আগেই অপর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হলে তাদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। বিরোধের এক পর্যায়ে ওই নারীকে হেনস্তার ঘটনা ঘটে বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।

এছাড়াও জানা যায়, এঘটনার পর পুলিশ সেখানে উপস্থিত হয়ে মন্দিরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে পরবর্তীতে স্থানীয়দের প্রতিবাদের প্রেক্ষিতে মন্দিরটি আবার খুলে দেওয়া হয় বলেও জানা যায়।

উক্ত ঘটনায় প্রকাশিত ভারতীয় অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ভারতে মন্দিরের পূজার দায়িত্ব হস্তান্তর নিয়ে বিরোধের ভিডিওকে পুরোহিত কর্তৃক নারী ভক্তকে অনৈতিক প্রস্তাব দেওয়া ও হেনস্তার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: