কথিত ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদলের তুলে নিয়ে যাওয়া ও যৌন নির্যাতনের দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানীতে এক ছাত্রলীগ নেত্রী ছাত্রদলের নেতাকর্মীদের মবের শিকার হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। ভিডিওটির শিরোনামে আরও দাবি করা হয়, এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেত্রীকে তুলে নিয়ে যায়। পাশাপাশি ভিডিওটিতে অভিযুুুক্তদের ওই নারীর শ্লীলতাহানী করতেও দেখা যায়। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি রাজধানীতে কোনো ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের মব করে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের বিহার রাজ্যের নালন্দায় সাম্প্রতিক সময়ে হওয়া একটি যৌন হয়রানির ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে রাজধানীর কোথাও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা কোনো ছাত্রলীগ নেত্রীকে তুলে নিয়ে যাওয়ার কিংবা যৌন নির্যাতনের তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে উল্লিখিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Suraj Kumar Bauddh নামের একটি এক্স অ্যাকাউন্টে একই ঘটনার আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিতে বলা হয়, এটি ভারতের বিহার রাজ্যের নালন্দার ঘটনা। ভুক্তভোগী নারী দোকান থেকে বাড়িতে ফেরার সময় অভিযুক্তদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হন বলেও পোস্টটিতে উল্লেখ করা হয়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Times of India-এর ওয়েবসাইটে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি বিহারের নালন্দায় গত ২৬ মার্চ সন্ধ্যায় ঘটে। ভুক্তভোগী নারী দোকান থেকে বাজার করে বাড়ি ফেরার সময় তিনজন ব্যক্তি তাকে জবরদস্তি করে ধরে ফেলেন। এসময় তারা প্রকাশ্যেই তাকে নির্যাতন করেন। এঘটনায় ভুক্তভোগী পরবর্তীতে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তবে ভিডিওটি থেকে অভিযুক্তদের শনাক্ত করে দুইজনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনটি থেকে জানা যায়।

এছাড়াও এ ঘটনায় নালন্দা পুলিশের দেওয়া একটি বিবৃতিরও সন্ধান পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের বিহারে নারীকে যৌন নিযার্তনের ভিডিও ফুটেজকে ঢাকায় ছাত্রলীগ নেত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: