পাকিস্তানের সাথে যুদ্ধের সক্ষমতা নেই শীর্ষক ভারতীয় সেনাবাহিনীর জেনারেলদের বক্তব্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হন এবং আরও অনেকেই আহত হন। উক্ত ঘটনার জন্য ভারতীয়দের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হয়েছে এবং পাকিস্তানকে এর জন্য কী জবাব দেওয়া যায় তা নিয়েও নানা আলোচনা চলছে। এরই প্রেক্ষিতে অন্তত গত ২৬ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ভারতীয় কর্মকর্তা একটি কক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন এবং কেউ একজন ইংরেজিতে বলছেন, সেনাবাহিনী কীসের ভয় পাচ্ছে? তারা কেন এভাবে পালাচ্ছে? ধিক্কার।
উক্ত ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, “পা’কিস্তা’নের সঙ্গে ‘যু’দ্ধ করার সক্ষমতা এ মুহুর্তে ভা’র’তের নেই, মোদী’র সভায় এ কথা মানতে নারাজ হওয়ায় রাগ করে বেরিয়ে গেলেন সেনাবাহিনীর জেনারেলরা!”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে পহেলগাঁও হামলার কোনো সম্পৃক্ততা নেই বরং, এটি পহেলগাঁও হামলার আগে গত ২৫ মার্চের ভিডিও যেখানে পাটিয়ালা কেস নামে ভিন্ন একটি প্রসঙ্গে প্রেস কনফারেন্স হয়েছিল।
এ বিষয়ে অনুসন্ধানে ‘manaman_chhina’ ইউজারনেমের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৫ মার্চে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।
Chief of Staff Western Command Lt Gen Mohit Wadhwa just scooted away with his senior officers after reading out a statement on the Patiala Colonel without taking any questions. The DGP also read out a statement and left but at least he has answered questions of media in recent… pic.twitter.com/86Ytgee0sz— Man Aman Singh Chhina (@manaman_chhina) March 25, 2025
ভিডিওটি সম্পর্কে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “ওয়েস্টার্ন কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহিত ওয়াধওয়া পটিয়ালার কর্নেল বিষয়ে একটি বিবৃতি পড়ে শোনানোর পর কোনো প্রশ্ন না নিয়ে তার সিনিয়র অফিসারদের নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) -ও একটি বিবৃতি পড়ে শুনিয়ে চলে যান, তবে অন্তত তিনি সম্প্রতি মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছেন। সেনাবাহিনী কীসের ভয় পাচ্ছে?” (অনূদিত) উল্লেখ্য যে, উক্ত পোস্টকারী নিজের পরিচয় হিসেবে তার এক্স অ্যাকাউন্টে সাংবাদিক উল্লেখ করেছেন।
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Government of Punjab’ নামক একটি ইউটিউব চ্যানেলে “DGP Punjab Mr Gaurav Yadav, IPS, addressing a Press Conference” শীর্ষক শিরোনামে গত ২৫ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির শেষাংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। উক্ত প্রেস কনফারেন্সে কর্ণেল পুষ্পেন্দার সিং বাথ নামে একজন ব্যক্তির ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে।
পরবর্তীতে কর্ণেল পুষ্পেন্দার সিং বাথ ও পটিয়ালা কর্ণেল কেস বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা যায়, গত মার্চ মাসে পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালের নিকটে পার্কিং নিয়ে বিরোধের জেরে কর্নেল পুষ্পিন্দর সিং বাথ এবং তার ছেলে অঙ্গদকে পাটিয়ালা পুলিশের কর্মকর্তারা হামলা করে আহত করেন। হামলার ফলে দুজনই আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। অর্থাৎ, উক্ত প্রেস কনফারেন্স মূলত এরই প্রেক্ষিতে ছিল।
সুতরাং, পহেলগাঁও হামলা ঘটনার পূর্বে গত ২৫ মার্চে পাটিয়ালা কেস নামে ভিন্ন একটি প্রসঙ্গের প্রেস কনফারেন্সের ভিডিও সম্প্রতি পহেলগাঁও হামলার পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা এ মুহুর্তে ভারতের নেই জানিয়ে রাগ করে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলদের বের হয়ে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Man Aman Singh Chhina – X Post
- Government of Punjab – DGP Punjab Mr Gaurav Yadav, IPS, addressing a Press Conference

