ভারতীয় অসুস্থ শিশু দক্ষকে বাংলাদেশি শিশু সোহেল দাবি করে আর্থিক সহায়তা চেয়ে প্রতারণা

সম্প্রতি নামঃ সোহেল,  পিতাঃ  আইয়ুব আলি, গ্রামঃ হাজিপারা,বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।চার বছর বয়সি সোহেল একটি বিরল ইনফেকশন রোগে আক্রান্ত, তার চিকি ৎসার জন্য প্রয়োজন প্রায় সাত লক্ষ টাকা। সোহেল কে বাঁচাতে আপনার অবস্থান থেকে এগিয়ে আসুন! আপনার ক্ষুদ্র প্রচেষ্টা,  বেঁচে থাকবে একটি প্রাণ! সাহা য্যের জন্য বিকা শ নগ দ রকে ট ( পার্সো নাল) ০১৭ ৩২২১ ৮০৩৪ সোহেলের বাবা– শীর্ষক ক্যাপশনে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশু সোহেল নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ভারতের রোগাক্রান্ত শিশু দক্ষের ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম Impact Guru এর ফেসবুক পেজে গত ১৮ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ছবিগুলোর সাথে আলোচিত পোস্টের শিশুর ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায়।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, ছবির শিশুটির নাম দক্ষ। সে বিরল ইনফেকশনে ভুগছে। Impact Guru প্লাটফর্মটির মাধ্যমে আর্থিক সাহায্য চেয়ে তহবিল সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরবর্তীতে, Impact Guru এর ওয়েবসাইটে প্রকাশিত ২৪ এপ্রিলের এ সংক্রান্ত হালনাগাদ তথ্য থেকে জানা যায়, আগামী ২৫ জুন রাজস্থানের জয়পুরের এই শিশুর পরবর্তী সার্জারির তারিখ নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ, আলোচিত ছবিগুলো ভারতীয় শিশু দক্ষের।

সুতরাং, বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু সোহেলের চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।

তথ্যসূত্র

Share: