১২ ফেব্রুয়ারির নির্বাচন বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “বাংলাদেশ নির্বাচনী সংক্রান্ত বিষয়াবলি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয় শংকরের বাসভবনে পৌঁছেছি…….. ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় পররাষ্ট্র মন্ত্রী এস জয় শংকরের বাসভবনে।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে বাংলাদেশের নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, আইএএস ও আইপিএস কর্মকর্তাদের ভারতের রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানানোর দাবিতে অন্তত ২০২৩ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘ABHI’S MOTIVATION’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ নভেম্বর ‘IAS and IPS welcomes President of India High Security Convoy’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এছাড়া, ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামে আলোচিত ফেসবুক প্রোফাইলটিও ভুয়া। রিউমর স্ক্যানারের পূর্ববর্তী এক প্রতিবেদন থেকে জানা যায়, একই নামে একটি প্রোফাইল থেকে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ভুয়া দাবি করা হচ্ছিল। সেই প্রোফাইলটি মূলত সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমির ছবি ব্যবহার করে পরিচালিত হচ্ছিল। আলোচিত প্রোফাইলটিও একই কৌশলে পরিচালিত হচ্ছে।
সুতরাং, বাংলাদেশের নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বাসভবনে ‘তামান্না’ নামের কথিত নারীর আলোচনায় যাওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- ABHI’S MOTIVATION – IAS and IPS welcomes President of India High Security Convoy
- Rumor Scanner’s analysis.
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

