বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে শেখ হাসিনার সাম্প্রতিক বৈঠক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে শেখ হাসিনার বৈঠকের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকের পুরোনো ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবি সংবলিত পোস্টের ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২১ মার্চে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন। ঐসময়ে শেখ হাসিনা ভুটান থেকে ভারতের ভূমি ব্যবহার করে বিদ্যুৎ আমদানিতে সহযোগিতা প্রত্যাশা করেন।
পাশাপাশি, জাগো নিউজের ওয়েবসাইটেও ২০২৪ সালের ২১ মার্চে আলোচিত ছবির তালিকায় উক্ত ছবির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ছবিটির বিবরণী থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, গত ০৪ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সুতরাং, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে শেখ হাসিনার বৈঠকের পুরোনো ছবি সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


