সম্প্রতি, বাংলাদেশে চীনা অস্ত্রের বড় চালান উদ্ধার হয়েছে দাবিতে ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪x৭-এ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাজেয়াপ্ত হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৪,৯০০ অত্যাধুনিক অস্ত্র, ২৭,০০০ গ্রেনেড, ৮৪০ রকেট লঞ্চার, ৩০০ রকেট এবং ১১ লক্ষ ৪০ হাজার গুলি।
পাশাপাশি প্রতিবেদনটিতে বলা হয়, এই বিপুল পরিমাণ অস্ত্র চীন থেকে পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর কাছে পৌঁছানোর কথা ছিল এসব অস্ত্র বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ)।
তাদের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে এত বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ি ও দুর্গম স্থান থেকে উদ্ধারকৃত দেশীয়-বিদেশী অস্ত্রের ছবি ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে দেশে কোনো স্থান থেকে সাম্প্রতিক সময়ে এমন বিপুল পরিমাণ চীনা অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে কলকাতা ২৪x৭-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রতিবেদনটিতে অস্ত্র উদ্ধারের একটি ছবি ব্যবহার করতে দেখা যায়। ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, এটি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার পাহাড়ি ও দুর্গম স্থান থেকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের ঘটনার ছবি।

এঘটনায় বাংলানিউজ২৪-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিযানে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তল ও একটি এলজি রয়েছে। এছাড়া ২৭টি দেশীয় তৈরি পাইপগান, তিনটি পিস্তলের ম্যাগাজিন, অস্ত্র তৈরির ২৭টি পাইপ, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের প্রায় এক হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১টি ককটেল, ১৮টি হেক্সোব্লেড এবং হাতুড়ি, প্লাস, রেঞ্চ, ড্রিল মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। যার সাথে কলকাতা ২৪x৭-এর প্রতিবেদনে উল্লিখিত অস্ত্রের পরিমাণের বিশাল পার্থক্য রয়েছে। এছাড়াও প্রতিবেদনের কোথাও উদ্ধারকৃত অস্ত্রের সাথে চীনের কোনো সম্পৃক্ততার কথা বলা হয়নি।
উক্ত ঘটনায় অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, বাংলাদেশে চীনা অস্ত্রের বড় চালান উদ্ধারের দাবিতে ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪x৭-এ প্রকাশিত প্রতিবেদনটি ভুয়া।
তথ্যসূত্র
- Banglanews24 Website: জঙ্গল সলিমপুরে আর অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ নেই: ডিআইজি
- Desh Rupantor Website: সলিমপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ২২
- Bangla Tribune Website: জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হলো, বিপুল অস্ত্র উদ্ধার
- Rumor Scanner’s Analysis


