সম্প্রতি ‘ভা/রতের মুসলিমরা তাদের জন্মস্থনি ত্যাগ করছে উ/গ্র, হি/ন্দুবাদীদের জন্য’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে উগ্রবাদী হিন্দুদের কারণে দেশটির মুসলমানদের তাদের জন্মস্থান ত্যাগ করার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের গুজরাটের সুরাট রেলস্টেশনে বিহারগামী বিশেষ ট্রেনে যাত্রীদের ওঠার চেষ্টায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম The Times of India এর ওয়েবসাইটে ‘Chaos at Surat’s Udhna Station Amid Rush for Bihar-Bound Train’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, গুজরাট রাজ্যের সুরাটের উধনা রেলস্টেশনে বিহারগামী উধনা-হাসানপুর বিশেষ ট্রেনটি থামলে যাত্রীরা লাইন ভেঙে তাতে ওঠার চেষ্টা করে। ফলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উক্ত ভিডিওটি বর্ণিত ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম Economic Times এর ওয়েবসাইটে গত ২০ এপ্রিল ‘What happened at Surat Railway Station? Why are migrant workers leaving the industrial town in a rush?’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিহার, উত্তর প্রদেশ এবং অন্যান্য উত্তরের রাজ্যগুলির দিকে যাওয়া ট্রেনে ওঠার জন্য সুরাটের উধনা রেলওয়ে স্টেশনে ভিড় জমান, যার ফলে বিশৃঙ্খলা ও দীর্ঘ লাইনের সৃষ্টি। প্রচারিত ভিডিওটি বিহারগামী ট্রেনে ওঠার জন্য যাত্রীদের তাড়াহুড়া করার সময়ের দৃশ্য।
অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে ভারতের মুসলমানদের তাদের জন্মস্থান ছেড়ে পালানোর দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভারতে উগ্রবাদী হিন্দুদের কারণে মুসলমানদের পালানোর দৃশ্য দাবিতে গুজরাটের রেলস্টেশনে ভিন্ন ঘটনাজনিত বিশৃঙ্খলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।


