বাংলাদেশে নারী অপহরণের ঘটনা দাবিতে ভারতের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীকে সড়ক থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, স্কুল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফেরার সময় ওই নারীকে ধর্ষণের উদ্দেশ্যে ‘জুলাই মব সন্ত্রাসীরা’ তার সন্তানের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে ঘটনাটিকে বাংলাদেশের ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র হিসেবেও উপস্থাপন করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব অপহরণ বা নারীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের একজন কনটেন্ট ক্রিয়েটরের নির্মিত স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Muklesur Ali নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। এছাড়াও অ্যাকাউন্টটিতে একই ঘটনার একাধিক ভিডিওর সন্ধানও পাওয়া যায়।

“Muklesur Ali” নামের অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটির ব্যক্তিগত তথ্যের ঘরে উল্লেখ রয়েছে যে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। একই সঙ্গে তার অ্যাকাউন্টে এ ধরনের ভ্লগধর্মী ও নাট্যধর্মী ভিডিও নিয়মিত প্রকাশিত হতে দেখা যায়। ভিডিওগুলোতে পারিবারিক দ্বন্দ্ব, অপহরণ, হামলা ও বাইক রাইডারে সাথে সংঘাতসহ নানা বিষয় নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি একই ব্যক্তিদের বিভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতেও দেখা যায়। ভিডিওগুলোর উপস্থাপনা, অভিনয় এবং দৃশ্য বিন্যাস বিশ্লেষণ করে ধারণা করা যায় যে এগুলো পূর্বপরিকল্পিত ও স্ক্রিপ্ট অনুসারে নির্মিত।

পরবর্তীতে অনুসন্ধানে উক্ত ব্যক্তির ইউটিউব চ্যানেলেরও সন্ধান পাওয়া যায়। চ্যানেলের বিবরণীতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে, সেখানে প্রকাশিত ভিডিওগুলো বিনোদনমূলক এবং স্ক্রিপ্টেড। ভিডিওগুলো বাস্তব ঘটনা হিসেবে বিবেচনা না করার বিষয়েও ইঙ্গিত পাওয়া যায়।

এছাড়াও আলোচিত ভিডিওটির মূল সংস্করণ উক্ত কনটেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলেও খুঁজে পাওয়া যায়, যেখানে ভিডিওটিকে বাস্তব অপহরণ, ধর্ষণের চেষ্টা কিংবা কোনো রাজনৈতিক বা সামাজিক গোষ্ঠীর হামলার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়নি।

সুতরাং, বাংলাদেশে সন্তানের সামনে মাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা দাবিতে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: