৫ আগস্টে অস্ত্র হাতে সাধারণ মানুষের ওপর গুলির দৃশ্য দাবিতে ভারতের শুটিংয়ের ভিডিও প্রচার

সম্প্রতি, “এরা কারা ৫ আগষ্টের সময় অস্ত্র হাতে নিয়ে গুলি করে সাধারণ মানুষ কে মেরে পালা হইচেছিলো সেই জুলাই জঙ্গিরা এটা ছিলো পরিকল্পিত হত্যা কান্ড” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় একটি ফিল্মের শুটিংয়ের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Chirag Bos’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে হিন্দি ভাষায় এটিকে সিনেমার শুটিংয়ের দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ‘Jitendra Mohan Pintu Raj’ নামক একটি ভারতীয় ফেসবুক প্রোফাইলে একই তারিখে অর্থাৎ গত ২৫ জুনে একই ভিডিও প্রচার হতে দেখা যায়। এই ভিডিওর ক্যাপশনেও এটি বিহার রাজ্যের পাটনায় একটি স্কুলে সিনেমার শুটিংয়ের দৃশ্য বলে উল্লেখ পাওয়া যায়।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পাটনা পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটনা হাই স্কুল, গার্ডানিবাগে ভাইরাল হওয়া ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়; এটি বৈধ অনুমতি নিয়ে পরিচালিত একটি চলচ্চিত্রের শুটিংয়ের অংশ।
এছাড়াও, বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং এটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অস্ত্র হাতে নিয়ে সাধারণ মানুষের ওপর গুলির দৃশ্য দাবিতে ভারতীয় শুটিংয়ের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Chirag Bos: Instagram Video
- Jitendra Mohan Pintu Raj: Facebook Video
- Patna Police: X Account Post

