ভারতীয় সৈন্যদের কান ধরে উঠবস করার ভিডিওটি এআই-নির্মিত

সম্প্রতি, ‘এবার চীনের সেনাদের সামনে কা’ন ধরে উঠবস করছে ভারতীয় ২ সৈন্য!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে ‘Sesh tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Sesh tv’ নামক ফেসবুক পেজে গত ০১ জুলাই প্রকাশিত এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh tv’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটিতে তথ্যসূত্রহীন বিভিন্ন পোস্ট প্রচার করা হয় ও এখানে প্রচারিত অধিকাংশ ভিডিও এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দৃশ্যপটে সেনাবাহিনীর পোশাক পরনে ভারতীয় পতাকা সদৃশ ব্যাজধারী দুজন ব্যক্তি কানে ধরে উঠবস করছে। তাদের সামনে চীনের পতাকা সদৃশ ব্যাজধারী তিনজন এবং কিছুটা দূরত্বে আরও তিনজন সশস্ত্র সেনাসদস্য দাঁড়িয়ে রয়েছে। পেছনে সামরিক যান ও একটি চীনের পতাকা লক্ষ্য করা যায়। এর বাইরে পাহাড়ি পরিবেশের পুরো এলাকাটি প্রায় জনশূন্য। কিন্তু ভিডিওটির অডিওতে ভারী কোলাহল শোনা যায়, যা ভিডিওর দৃশ্যপটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ।

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, চীনের সেনাদের সামনে ২ ভারতীয় সৈন্য কান ধরে উঠবস করছে দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: