ভারতের পুরোনো ভিডিও কথিত ছাত্রদল ও শিবির নেতার দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ‘উসমান’ নামের কথিত এক ছাত্রদল নেতার ট্রেনে এক নারীর সঙ্গে অশালীন অবস্থায় ধরা পড়ার দৃশ্য। একই ভিডিও আবার সুমাইয়া বান্না নামের এক নারীর সঙ্গে এক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতার বলেও প্রচার করা হচ্ছে।

ছাত্রদল নেতার দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ছাত্রশিবিরের দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে কোনো ছাত্রদল বা শিবির নেতার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। প্রকৃতপক্ষে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে অনলাইনে বিদ্যমান ভারতের একটি ভিডিওকে আলোচিত দাবিগুলোতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে একটি ভারতীয় প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে চলতি বছরের জানুয়ারিতে একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। প্রায় ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে হিন্দি ভাষায় কথোপকথন শোনা যায়। তবে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংস্করণে মূল অডিওটি সরিয়ে তার পরিবর্তে গানের অডিও সংযোজন করা হয়েছে।

উল্লেখ্য, রিউমর স্ক্যানারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ওয়েবসাইটটির লিংক প্রতিবেদনে সংযুক্ত করা হয়নি।

এছাড়া, চলতি বছরের ৬ জানুয়ারি ভারতীয় নিউজ পোর্টাল ‘IBC24 News’ একই ভিডিও প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, ট্রেনের উপরের বার্থে এক দম্পতির আপত্তিকর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, সহযাত্রীরা এ ঘটনায় আপত্তি জানিয়ে পরে ওই দম্পতিকে ট্রেন থেকে নামতে বাধ্য করেন। ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে মার্চ মাসে ভারতের আরও কয়েকটি অনলাইন পোর্টাল (,) একই তথ্যসহ ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

সুতরাং, ভারতের একটি পুরোনো ভিডিওকে ছাত্রদল বা শিবির নেতার ট্রেনে নারীর সঙ্গে অশালীন অবস্থায় ধরা পড়ার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: