সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসতি স্থাপনকারীরা জোরে চিৎকার করছে: “ইরান, দয়া করে থামো! তুমি জিতেছো, আমরা হেরে গেছি!”
উল্লেখ্য, এখানে/সাধারণত ‘বসতি স্থাপনকারী’ বলতে ইসরায়েলিদের বুঝানো হয়। অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইসরায়েলিদের আর্তনাদের দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের কোনো দৃশ্য নয়। প্রকৃতপক্ষে এটি ২০২৫ সালের মার্চে ভারতের মুম্বাইয়ের ধারাভি এলাকায় একটি ট্রাকে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ভিডিও।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘indianfireservice’ ইউজারনামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৫ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

ভিডিওর বিষয়ে পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘মুম্বাইয়ের ধারাভি এলাকার নেচার পার্ক, পিএনজিপি কলোনিতে একটি বাস ডিপোর কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে মুম্বাই ফায়ার সার্ভিস কাজ করছে।..’ (অনূদিত)
এছাড়াও, অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র এক্স অ্যাকাউন্টে একই স্থানে বিস্ফোরণের আরেকটি ভিডিও গত বছরের ২৫ মার্চে পোস্ট হতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘মুম্বাইয়ের ধারাভিতে একটি সিলিন্ডারবাহী ট্রাকের ওপরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’ (অনূদিত)
এছাড়াও, আরো নানা ভারতীয় সংবাদমাধ্যমের সংবাদে উক্ত বিস্ফোরণের দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়। তবে, আসল তথ্য সংবলিত কোনো ভিডিওতে আলোচিত ভিডিওতে সংযুক্ত আর্তনাদের অডিও বা ইরানের নাম শোনা যায়নি।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম ‘রয়টার্স’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৪ মার্চে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘মুম্বাইয়ের বৃহত্তম বস্তি ধারাভিতে—যেখানে লাখ লাখ মানুষ গাদাগাদি করে অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে বসবাস করেন— সোমবার (২০২৫ সালের ২৪ মার্চ) একটি ট্রাকে থাকা বেশ কিছু রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।’ (অনূদিত)
পাশাপাশি, অনুসন্ধানে জানা যায় ভিডিওটি এর আগেও আরো নানা ভুয়া দাবিতে প্রচার করা হলে সেসব সময়ে এ বিষয়ে নানা ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করা হয় যাতে ভিডিওটি প্রকৃতপক্ষে ২০২৫ সালের মার্চে ভারতের মুম্বাইয়ে বিস্ফোরণের বলা হয়।
উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইরানের হামলায় ইসরায়েলিদের আর্তনাদের দৃশ্যের নয়।
সুতরাং, ভারতের মুম্বাইয়ে গত বছরের একটি সিলিন্ডার বিস্ফোরণের পুরোনো ভিডিওকে বর্তমানে ইরানের হামলায় ইসরায়েলিদের আর্তনাদের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- indianfireservice – Instagram Post
- News9 – Massive Fire Breaks Out in Gas Cylinder Truck on Sion-Dharavi Link Road
- Times Now – Mumbai: Cylinder-Laden Truck Catches Fire Near Dharavi, No Casualties Reported
- The Times of India – X Post
- Reuters – Cooking gas cylinders catch fire, explode in Mumbai’s Dharavi slum
- Rumor Scanner’s analysis


