বিএনপি নেতাকর্মীদের ছিনতাইয়ের দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘এভাবেই প্রকাশ্যে মব সৃষ্টি করে ছিনতাই করছে বিএনপি সন্ত্রাসীরা — দেশ রক্ষা করলে হলে সবাইকেই এখন লগি-বইঠা নিয়ে চলতে হবে।’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশী পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটেছে। দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেতাকর্মীদের ছিনতাইয়ের দৃশ্য নয়; এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, গত বছর ভারতে দুই মুদি দোকানদারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনায় এক নারীর স্বামী ও স্বামীর ভাই সমাধানের চেষ্টা করতে আসলে তাদের ওপর হামলা করা হয়। সেই ঘটনা দেখে তিনি ও তার সন্তানেরা আসলে তাদের উপরও হামলা হয়। উক্ত ঘটনার ভিডিও এটি।

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Punjab Kesari Haryana এর ইউটিউব চ্যানেলে গত বছরের ০৬ এপ্রিল প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদাবাদে মাদকাসক্তদের হামলায় একটি পরিবারকে নির্মমভাবে মারধর করা হয়েছে। সেই ঘটনার ভিডিও এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ভাস্কর এর ওয়েবসাইটে গত বছর “फरीदाबाद में कहासुनी पर दो पक्षों में झगड़ा:कुल्हाड़ी-चाकू से हमला, बचाव में आए परिवार के कई सदस्य घायल” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ভিডিওর সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফরিদাবাদ শহরের খেড়ি এলাকার ভারত কলোনির ২৪ ফুট রাস্তায় একটি বাগ্‌বিতণ্ডার ঘটনা সহিংসতায় পরিনত হয়েছে।

আরও অনুসন্ধানে দৈনিক ট্রিবিউনের ওয়েবসাইটে গত বছরের ০৬ এপ্রিল “चले चाकू-कुल्हाड़ी, कई घायल” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৫ এপ্রিল ভারতের ফরিদাবাদের খেড়ি এলাকার ভারত কলোনির ২৪ ফুট এলাকায় দুই মুদি দোকানদারের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সবিতা নামের এক নারীর স্বামী ও স্বামীর ভাই সমাধানের চেষ্টা করতে আসলে তাদের ওপর হামলা করা হয়। সেই ঘটনা দেখে সবিতা ও তার সন্তানেরা আসলে তাদের উপরও হামলা হয়।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের ছিনতাইয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: