বিএনপি কর্তৃক যুবলীগ নেতাকে গাছে বেঁধে মারধর দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, “যুবলীগ নেতাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্য নি”র্যা”তন করছে বিএনপির স’ন্ত্রাসীরা”- শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিএনপি নেতাকর্মীদের দ্বারা যুবলীগের নেতাকে মারধরের দৃশ্য নয়, এমনকি আলোচিত ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, গত বছরের মে মাসে ভারতের ত্রিপুরায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে গাছে বেঁধে মারধর করা হয়। সেই ঘটনার ভিডিও এটি।
অনুসন্ধানে সময় ত্রিপুরা নামক একটি একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ২৫ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “ছাগল চুরির অভিযোগ আটক যুবক ঘটনা সোনামুড়া হাসপাতাল রোড এলাকায়। আইন হাতে তুলে নিলো জনতা।”
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Northeast Today এর ওয়েবসাইটে গত বছরের ২৬ মে “Tripura: Youth Tied to Tree, Thrashed by Mob at Sonamura Over Goat Theft Allegation” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ত্রিপুরার সোনামুড়া হাসপাতাল রোড এলাকায় ছাগল চুরির অভিযোগে এক যুবককে একটি গাছের সাথে বেঁধে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এলাকায় মাদকাসক্তি এবং এর জেরে ক্রমাগত চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা আইন নিজেদের হাতে তুলে নেন। পরবর্তীতে এই গণপিটুনির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন বাড়ানো হয় এবং চুরির অভিযোগ ও গণধোলাইয়ের ঘটনা, উভয় বিষয়েরই তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। এছাড়া পুলিশ জানায়, আইন হাতে তুলে নেওয়া ব্যক্তিদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলো আলোচিত দাবির সপক্ষেও কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের ত্রিপুরায় চুরির অভিযোগে এক যুবককে মারধরের ভিডিওকে সম্প্রতি বাংলাদেশে বিএনপি কর্তৃক যুবলীগের নেতাকে গাছে বেঁধে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Samay Tripura/ সময় ত্রিপুরা- Facebook Post
- Northeast Today- Tripura: Youth Tied to Tree, Thrashed by Mob at Sonamura Over Goat Theft Allegation

