ভারতের ভিডিওকে জাতীয় নাগরিক পার্টির মহিলা সংগঠক ও সমন্বয়কের ভিডিও দাবি করে অপপ্রচার

সম্প্রতি, ‘ভাইরালের দায়িত্ব আপনাদের। ঠাকুরগাঁয়ের জাতীয় নাগরিক পার্টি (NCP) মহিলা সংগঠক ও সমন্বয়ক ধরা খেলো প্রেমিকের বউয়ের হাতে। এরা নাকি দেশ শাসন করবে।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি  জাতীয় নাগরিক পার্টির মহিলা সংগঠক বা সমন্বয়কের নয় এবং ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের একটি ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ইনস্টাগ্রামে ‘Sarcastic.humans‘ নামক অ্যাকাউন্টে গত ২৫ মার্চ প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় গণমাধ্যম ‘News 18’ এর ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর ২০২৪ ‘In Ujjain, Wife Catches Sarpanch Red-handed With Girlfriend Outside Hotel’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। নিমুচের এক সরপঞ্চ তার বান্ধবীর সাথে হোটেলে সময় কাটানোর জন্য বাড়ি থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিলেন। তিনি জানতেন না যে তার স্ত্রী কয়েকদিন ধরে তার উপর নজর রাখছেন। সরপঞ্চ তার বান্ধবীকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মুখোমুখি হন।

একই বিষয়ে ভারতের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (, ) প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনগুলো থেকেও আলোচিত বিষয়ে একই তথ্য জানা যায়।

সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে পরকীয়ার জেরে ঠাকুরগাঁয়ের জাতীয় নাগরিক পার্টির মহিলা সংগঠক ও সমন্বয়ককে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: