সম্প্রতি, জমি দখলে বাধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় এবং এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভারতের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বাংলাদেশে জমি দখলে বাধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Rajmaji Official’ নামক এক্স অ্যাকাউন্টে গত ২৬ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি নাসিকের শিবাজীনগর এলাকায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ ও টাকা ফেরত চাইলে এক নারীকে মারধরের ঘটনার ভিডিও। গুগল ম্যাপ থেকে জানা যাচ্ছে, এটি ভারতের মহারাষ্ট্র অঞ্চলের একটি স্থান।
পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম ‘NewsX’ এর ওয়েবসাইটে গত ২৮ মার্চ আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, মারধরের শিকার নারী পরিচ্ছন্নতাকর্মীর চাকরির জন্য ভিডিওতে থাকা ব্যক্তির প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিয়েছিলেন। তবে তার চাকরিটি না হওয়ায় তিনি ঘটনার সাথে জড়িত ব্যক্তির কাছে গিয়ে টাকা ফেরত চান। এতে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সাদা শার্ট পরিহিত ব্যক্তিকে নারীদের আঘাত করতে দেখা যায়।
এছাড়া, একই বিষয়ে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম ‘Daily Hunt’ এর ওয়েবসাইটেও খবর প্রচার হতে দেখা যায় এবং এই প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
অর্থাৎ, এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয় এবং এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই তা নিশ্চিতভাবে বলা যায়।
সুতরাং, ভারতের ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে জমি দখলে বাধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rajmaji Official: X Account Post
- Google Maps
- NewsX: Maharashtra Shocker: 32-Year-Old Woman Duped With Fake Job Promise In Nashik, Brutally Assaulted After Asking For Money Back; Netizens Spark Outrage As Video Goes Viral
- Daily Hunt: नौकरी के नाम पर भयानक ठगी और मारपीट! 32 वर्षीय महिला को पैसे वापस मांगने पर बेरहमी से पीटा गया
- Rumor Scanner’s Analysis


