সম্প্রতি, নোয়াখালীতে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে বিএনপির কর্মী ছুরিকাঘাত করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো আওয়ামী লীগ কর্মীকে বিএনপির নেতাকর্মীর ছুরিকাঘাত করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের একটি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম আজ তক-এর ওয়েবসাইটে গত ৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি ভারতের গুজরাট রাজ্যের একটি হত্যাকাণ্ডের ঘটনার। গত ৭ জুলাই গুজরাটের রাজকোট জেলার জেতপুর এলাকায় ঘটনাটি ঘটে। কমলেশ ভাগেলা নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ২০ বছর বয়সী জয়ন্ত ভাগেলা নামের এক যুবক। পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, জয়ন্তের বাবা জীবিত থাকা সত্ত্বেও তার মায় কমলেশের সঙ্গে প্রায় ১২ বছর যাবত লিভ ইন সম্পর্কে ছিলেন। তাদের এই সম্পর্কের কারণে ক্ষুব্ধ ছিলেন জয়ন্ত। এরই বহিঃপ্রকাশ হিসেবে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর কমলেশের ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেন বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
এ ঘটনায় অন্যান্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও থেকে একই তথ্য পাওয়া যায়। ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে।
সুতরাং, ভারতের পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজকে নোয়াখালীতে আওয়ামী লীগ কর্মীকে বিএনপির কর্মী ছুরিকাঘাত করার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Aajtak Website: I didn’t do anything… The mother’s live-in partner kept screaming, the son stabbed him in the middle of the road.
- India Today Website: Video: Man chases mother’s live-in partner down the street, stabs him to death – India Today
- Rumor Scanner’s Analysis


