এআই ভিডিও দিয়ে ভারতীয় যুবকের বাংলাদেশকে নিয়ে সাম্প্রদায়িক প্রোপাগাণ্ডা প্রচার 

সম্প্রতি, ইন্টারনেটে এক যুবক হেঁটে হেঁটে হিন্দি ভাষায় বাংলাদেশে অবস্থান করছেন দাবি করে বলছেন, “এটি বাংলাদেশ। এখন রাত। দিপু চাদরের মতো আমাদেরও শেষ করে দেবে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কী ঘটছে। এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে কেউ আমাদের বাঁচাতে পারে। বুঝতে পারছি না সবকিছু হঠাৎ করে বদলে গেল…” (বাংলা ভাষায় অনুদিত)

ব্যক্তির পেছনে দেখা যায়, আগুনে পুড়ছে দোকানপাট।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কূলদীপ মিনা নামে ভারতের এক যুবক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করেন; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে যুবকের পেছনে বাংলাদেশের পতাকা উড়ছে। এর পাশে থাকা দোকানে সাইনবোর্ড দেখা যায়। বাংলাদেশের দোকানপাটের সাইনবোর্ডে সাধারণত বাংলা বা ইংরেজি ভাষায় লেখা থাকে। কিন্তু, আলোচিত ভিডিওতে থাকা সাইনবোর্ডে হিন্দি লিখা লক্ষ্য করা যায়।

এছাড়া, আলোচিত ভিডিওতে থাকা যুবক ‘দিপু চাদর’ নাম বলে একজনকে সম্বোধন করেন। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে একই কারখানার একদল শ্রমিক। নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস। অর্থাৎ, এখানেও উচ্চারণ ভুল করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘tarobhaikuldeepp’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২৪ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে এআই লেভেলও দেওয়া রয়েছে। 

পরবর্তীতে ‘tarobhaikuldeepp’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত অ্যাকাউন্টটি থেকে বাংলাদেশ নিয়ে এমন আরও বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সবগুলোতেই এআই লেভেল রয়েছে। এমনকি আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি ৯৬.৬ শতাংশ এআই হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পরবর্তী অনুসন্ধানে ‘tarobhaikuldeepp’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ভারত থেকে পরিচালিত একটি অ্যাকাউন্ট; যা ২০২০ সালে খোলা হয়েছে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে বাংলাদেশে হিন্দু যুবক কর্তৃক সাম্প্রদায়িক হামলার আতংকে আছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: