সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লাখ লাখ ভা”র”তী”য় প্রবেশ করছে বাংলাদেশ’। ভিডিওতে দেখা যায় সীমান্তের কাঁটাতার কেটে কিছু মানুষ কোনো এক জায়গায় প্রবেশের চেষ্টা করছে। এছাড়াও, ভিডিওতে বিজিবি ও সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় কিছু মানুষের দৃশ্যেরও সংযুক্তি পাওয়া যায়। পাশাপাশি, ভিডিওতে মূলধারার সংবাদমাধ্যম ইত্তেফাক এর ইউটিউব চ্যানেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উদ্ধৃত করে প্রচারিত ‘সীমান্তে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ’ শিরোনামের সংবাদ ভিডিওর থাম্বনেলের ছবিও সংযুক্ত করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কাঁটাতার কেটে বাংলাদেশে ভারতীয়দের প্রবেশের আসল দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে কাঁটাতার কাটার দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এছাড়াও, সেনাবাহিনী ও বিজিবির পাঁচটি পুরোনো ছবির প্রেক্ষিতে এই এআই ভিডিওটি তৈরি করা হয়েছে।
সীমান্তে কাঁটাতার কাটার ভিডিওর বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে দৃশ্যগুলো আসল হওয়ার সপক্ষে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। দৃশ্যগুলো পর্যবেক্ষণ করলে এগুলোতে প্রদর্শিত মানুষ, তাদের নড়াচড়া, গড়নে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, ভিডিওর আলো ও ক্যামেরা অ্যঙ্গেল বেশ সিনেমাটিক দেখা যায়। এসব বৈশিষ্ট্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি কনটেন্টে দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কনটেন্ট যাচাইকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনের সাহায্যে কাঁটাতার কাটার দৃশ্যগুলো বিশ্লেষণ করলে তাতে দৃশ্যগুলো এআই তৈরি হওয়ার সম্ভাবনা সিংহভাগ দেখা যায়।
পাশাপাশি, ভিডিওতে সেনাবাহিনী ও বিজিবি’র পোশাক পরিহিত অবস্থায় কয়েকজন সদস্যকেও হাঁটতে দেখা যায়। প্রচারিত ভিডিওতে এরূপ পাঁচটি দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়। উক্ত ভিডিওগুলোর বিষয়ে অনুসন্ধানে এরূপ কোনো ভিডিও নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি, পাশাপাশি ভিডিওতে প্রদর্শিত ল্যান্ডমার্কে থাকা লেখার অক্ষর বিকৃত অবস্থায় দেখা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় কোনো ফুটেজ তৈরি করা হলে তাতে দেখা যায়।

তবে দেশিয় নানা গণমাধ্যমে উক্ত পাঁচটি দৃশ্যেরই স্থিরচিত্র বিগত নানাসময়ে (২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যকার নানা সময়ে) প্রচার হতে দেখা যায়। (১,২,৩,৪,৫) অর্থাৎ, উক্ত পাঁচটি ছবিই পুরোনো। এবং পুরোনো এসব ছবির প্রেক্ষিতে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত পাহাড়ার ভিডিও তৈরি করে তা আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে সংযুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং, কাঁটাতার কেটে লাখ লাখ ভারতীয় বাংলাদেশে প্রবেশ করছে দাবিতে প্রচারিত ভিডিও এআই দিয়ে নির্মিত।
তথ্যসূত্র
- AI Analysis
- Desh TV – সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
- Dhaka Times24 – হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
- The Financial Express – BGB declares red alert along Rajshahi borders
- Sangbad Sarabela – প্রশিক্ষণের বিকল্প নেই: সেনাপ্রধান
- Lastnewsbd – সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ১২ সদস্য প্রত্যাহার
- Rumor Scanner’s analysis


