ভারতে বন্যার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি চীনের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে বন্যার তীব্র স্রোতে সড়কের গাড়িগুলো ভেসে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ভারতের সাম্প্রতিক বন্যার দৃশ্য এবং বলা হয়, ‘ভারতের অবস্থা ভয়াবহ, এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।’

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের বন্যার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি চীনের হেবেই প্রদেশের চেংদে শহরে টাইফুন বাভির প্রভাবে সৃষ্ট বন্যার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৩ জুলাই সময় টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সম্পূর্ণ মিল রয়েছে। উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি চীনের হেবেই প্রদেশের চেংদে শহরের বন্যার দৃশ্য।

এ বিষয়ে আরও অনুসন্ধানে রয়টার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, চীনের মূল ভূখণ্ডে টাইফুন বাভির প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে গাড়ি ভেসে যাচ্ছে। ভিডিওটির লোকেশন হিসেবে চীনের হেবেই প্রদেশের চেংদে শহরের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া সময়ের আলো পত্রিকার ওয়েবসাইটে গত ১৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, টাইফুন বাভির প্রভাবে চীনের বিভিন্ন প্রদেশে প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির তোড়ে অনেক এলাকায় গাড়ি ভেসে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন নিখোঁজ রয়েছেন।

সুতরাং, ভারতের বন্যার দৃশ্য দাবিতে চীনের বন্যার দৃশ্য প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: