চীনের অফিসে রোবটের ‘পাগলামির’ দাবিতে ইন্দোনেশিয়ার ভিডিও প্রচার

সম্প্রতি ‘চীনের অফিসে হঠাৎ পাগলামি শুরু করল রোবট, কর্মীদের মারধর’ শিরোনামে একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটিতে চীনের একটি অফিসে একটি হিউম্যানয়েড রোবট নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীদের মারধর করছে।

এ বিষয়ে গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: ইত্তেফাক, মানবজমিন, বাংলা টিভি, এনপিবি নিউজ, রূপালী বাংলাদেশ, ইনকিলাব।
একই দাবিতে সামাজিকমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন: ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি চীনের কোনো অফিসে রোবটের নিয়ন্ত্রণ হারানো কিংবা কর্মীদের মারধরের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ইন্দোনেশিয়ার জোকো প্রাবুওয়েসি নামের একটি রোবট পরিচালনা শেখা ও এর বিভিন্ন মোড দেখার সময় “কুংফু” মোড চালু করার পর ধারণ করা ভিডিও। বিষয়টি রোবটটির টিমের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Joko Prabuwesi’ নামের একটি টিকটক প্রোফাইলে গত ৩ জুলাই একই দৃশ্য সংবলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে ইন্দোনেশীয় ভাষায় লেখা রয়েছে, তারা তো সরাসরি মারামারিই শুরু করে দিল, অথচ অফিসে জোকো প্রাবুওয়েসির আজ মাত্র প্রথম দিন।
টিকটক প্রোফাইলটির বায়োতে উল্লেখ করা হয়েছে, “হ্যালো! আমার নাম জোকো। আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় থাকি।”
ওই টিকটক প্রোফাইলের সূত্র ধরে একই নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গত ৩ জুলাই একই ভিডিও পাওয়া যায়। টিকটক ও ইনস্টাগ্রাম প্রোফাইলগুলোতে রোবটটির আরও কিছু ভিডিও দেখা যায়।
পরবর্তীতে, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা হলে জোকো প্রাবুওয়েসি টিম রিউমর স্ক্যানারকে জানায়, ভিডিওটি কোনো রোবট বিকল হওয়া কিংবা রোবটের বাস্তব হামলার ঘটনা নয়। রোবটটি কীভাবে পরিচালনা করতে হয়, তা শেখার পাশাপাশি এর বিভিন্ন মোড পরীক্ষা করছিলেন তারা। একপর্যায়ে “কুংফু” মোড চালু করলে রোবটটি অপ্রত্যাশিতভাবে নড়াচড়া শুরু করে। এতে উপস্থিত ব্যক্তিরা কিছুটা চমকে গেলেও পুরো ঘটনাটি হাস্যরসাত্মক পরিবেশেই ঘটে। এর আগে তারা রোবটটির সঙ্গে নাচছিলেন এবং এর বিভিন্ন ফিচার পরীক্ষা করছিলেন। তাই ভিডিওটি মূলত রোবটের সক্ষমতা পরীক্ষার সময় ধারণ করা একটি মজার মুহূর্ত, কোনো যান্ত্রিক ত্রুটি বা বাস্তব আক্রমণের দৃশ্য নয়।
সুতরাং, ইন্দোনেশিয়ায় রোবট পরিচালনা শেখা ও এর বিভিন্ন মোড দেখার সময় ধারণ করা ভিডিওকে চীনের অফিসে রোবটের নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীদের মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Joko Prabuwesi – TikTok Video
- Statement from Joko Prabuwesi Team

