হামলায় আহত জামায়াত নেতার ছবিকে বিএনপি নেতা দাবিতে প্রচার

সম্প্রতি ‘রাজারহাট উপজেলা বিএনপির সেক্রেটারি এ্যাডভোকেট আলীর আহমেদ উপর জামাতের কর্মীদের অতর্কিত হামলা।’ ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা ব্যক্তি বিএনপির সেক্রেটারি নন এবং তার ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা হামলা করেনি। প্রকৃতপক্ষে, দুর্বৃত্তদের হামলার শিকার কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীর ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে স্টার নিউজের ওয়েবসাইটে গত ১৩ ফেব্রুয়ারি ‘কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী গত ১২ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের পরে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে শ্বশুর আলতাব হোসেনের বাড়িতে ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি সকালে তার চাচা শ্বশুর মোখলেসুর রহমান জমিতে পানি নিতে গেলে একই এলাকার আব্দুল জলিলের ছেলে আ:মান্নান ওরফে রোকন (৩৫) এর সঙ্গে ভোট দেয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এক সময় রোকন ও তার লোকজন মোখলেসুর রহমানকে বেধড়ক মারপিট করে পানিতে চুবিয়ে ধরে।
খবর পেয়ে মোখলেসুর রহমানের বাড়ির লোকজনসহ জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে রোকন বাড়ি থেকে ধান কাটার কাঁচি নিয়ে এসে পিছন দিক থেকে অ্যাডভোকেট আহম্মদ আলীকে এলোপাতাড়ি কোপায়। এতে করে অ্যাডভোকেট আহম্মদ আলীর বাম ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে জখম করে রক্তাক্ত করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীপক্ষকে মামলা দায়েরের পরামর্শ দেন। উক্ত প্রতিবেদনে হামলাকারী ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি৷
পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা। আরও জানা যায়, প্রতিবেশীদের দাবি, হামলাকারী রোকন চেতনা এলাকার যুবদলের ওয়ার্ড কর্মী।
সুতরাং, বিএনপির সেক্রেটারির ওপর হামলা দাবিতে কুড়িগ্রামে হামলার শিকার উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলীর ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Star News – কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম
- The Dhaka Diary – কুড়িগ্রামে উপজেলা জামায়াত সেক্রেটারিকে কুপিয়ে জখম
- করতোয়া – কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম
- উত্তরাধিকার৭১ নিউজ – কুড়িগ্রামে জামায়াতের সেক্রেটারীকে কুপিয়ে জখম

