ইনকিলাব মঞ্চের জাবেরকে পুলিশের পেটানোর ভিডিও দাবিতে ভিন্ন ব্যক্তিকে মারধরের ভিডিও প্রচার

গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন। এর প্রেক্ষিতে আবদুল্লাহ আল জাবেরকে পুলিশের মারধর করার দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে পুলিশ সদস্যকে একজন ব্যক্তির ওপর লাঠিচার্জ করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরকে পুলিশের লাঠিপেটা করার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখতে পাওয়া অজ্ঞাত ওই ব্যক্তি সংঘর্ষের সময় তার কর্মক্ষেত্রে যাওয়ার পথে পুলিশের লাঠিচার্জের শিকার হন।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে সংবাদভিত্তিক ফেসবুক পেজ ‘অসহায় টিভি’র পেজে আলোচিত ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। তবে ভিডিওটির শিরোনামে পুলিশের লাঠিচার্জের শিকার ব্যক্তিকে জাবের হিসেবে উল্লেখ করা হয়নি। বরং, তাকে হাদির সমর্থক বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে একই ব্যক্তিকে মারধরের আরেকটি ভিডিও বার্তা বাজারের ফেসবুক পেজে প্রচারিত হতে দেখা যায়। যেটিতে পুলিশের মারধরের পর গণমাধ্যমকর্মীদের তার সাথে কথা বলতে লক্ষ্য করা যায়। মারধরের শিকার ওই ব্যক্তি গণমাধ্যমকে জানান, তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থলের কাছেই তিনি চাকরি করেন। সেখানে যাওয়ার সময় পুলিশের মারধরের শিকার হন।
এছাড়াও গতকাল জাবেরের জুমার খুতবা দেওয়ার একটি ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ব্যক্তির পোশাকের তুলনামূলক বিশ্লেষণ করেও দেখা যায়, পুলিশের মারধরের শিকার ওই ব্যক্তি এবং জাবেরের পরিহিত পোশাকের পার্থক্য রয়েছে। উভয় ব্যক্তিকে অনেকটা একই রঙের পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখতে পাওয়া গেলেও জাবের সেদিন সাদা রঙের পায়জামা পরিহিত ছিলেন। কিন্তু আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া ওই ব্যক্তি কালো রঙের একটি প্যান্ট পরিহিত ছিলেন বলে লক্ষ্য করা যায়।

অর্থাৎ, জাবেরকে পুলিশের মারধরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ভিন্ন একজন পথচারীকে আন্দোলনকারী সন্দেহে পুলিশের মারধরের ঘটনার ভিডিও।
সুতরাং, পথচারীকে মারধরের ভিডিওকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরকে পুলিশের মারধরের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- অসহায় টিভি Facebook Post: বি’চার চাওয়ায় হাদির সমর্থকদের মা’র’ধ’র
- Barta Bazar Facebook Post: দাড়িয়ে থাকা পথচারীকে আন্দোলনকারী সন্দেহে পে টা লো পুলিশ
- The Daily Sangram Facebook Post: আন্দোলনের মাঝেই জুমার খুতবা দিচ্ছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের
- Rumor Scanner’s Analysis

