ইনকিলাব মঞ্চ নির্বাচন বন্ধের দাবি করেনি, সার্কাজম পেজের ভুয়া ফটোকার্ড প্রচার

গত ৬ ফেব্রুয়ারি শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় যে ইনকিলাব মঞ্চ নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চ নির্বাচন বন্ধের কোনো দাবি জানায়নি। আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে। প্রকৃতপক্ষে, ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর আদলে তৈরি একটি লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর ভেতরে ‘Kuddus24’ লেখা ছিল এবং প্রচারের তারিখ হিসেবে ৬ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ করা হয়। এ তথ্যের সূত্র ধরে সংশ্লিষ্ট ফেসবুক পেজটি শনাক্ত করা সম্ভব হয় এবং সেখানেই উক্ত ফটোকার্ডের মূল উৎস পাওয়া যায়। মূলত এই ফটোকার্ড থেকেই আলোচিত ভুয়া দাবিটির সূত্রপাত হয়েছে।

সংশ্লিষ্ট ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট সেকশনে satire/parody উল্লেখ রয়েছে। পাশাপাশি পেজটিতে এর আগেও একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (১, ২, ৩)।
এ বিষয়ে আরও অনুসন্ধানে ইনকিলাব মঞ্চের মূল ফেসবুক পেজে গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে তারা উল্লেখ করেছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’

এছাড়া ইনকিলাব মঞ্চের এমন বক্তব্যকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে (১, ২, ৩)।
সুতরাং, ইনকিলাব মঞ্চের নির্বাচন বন্ধের দাবি জানিয়েছে শীর্ষক বিষয়টি মিথ্যা।

