ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংগঠনটি গত দুই মাস ধরে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছে। এ প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের শাহবাগে অবস্থানরত আন্দোলনের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, সংগঠনটি সরকার পতনের ডাক দিয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চ সরকার পতনের কোনো ডাক দেয়নি। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি গত জানুয়ারি মাসে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অনুষ্ঠিত আন্দোলনের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর জিএস সালাহউদ্দিন আম্মারের ২ জানুয়ারির একটি ফেসবুক পোস্টে একই ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনের ভিডিও।

এ বিষয়ে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে প্রচারিত দাবিটির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন যে, সংগঠনটি সরকার পতনের কোনো ডাক দেয়নি।
সুতরাং, ইনকিলাব মঞ্চের পুরোনো আন্দোলনের ভিডিও প্রচার করে সংগঠনটি সরকার পতনের ডাক দিয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Salahuddin Ammar – Facebook Post
- Statement from Abdullah Al Jaber


