কুরআনকে অপমান করায় কুকুরের মতো হয়ে যাওয়ার দৃশ্য দাবিতে শিল্পকর্মের ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির একটি ছবিসহ কয়েকটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘কুরআন শরীফকে অপমান করার কারণে ৪১ দিনের মাথায় মুখ কুকুরের মত হয়ে গেছে। ঘটনাটি ঘটছে লিবিয়াতে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি কুরআনকে অপমান করায় লিবিয়ায় এক ব্যক্তির কুকুরের মত হয়ে যাওয়ার ঘটনার ছবি নয় বরং, রদ্রিগো ব্রাগা নামের ফ্রান্সভিত্তিক এক ব্রাজিলিয়ান শিল্পীর ২০০৪ সালের এক শিল্পকর্মের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে শিল্প, স্থাপত্য ও নকশা বিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ‘আবিরপঠী’র ওয়েবসাইটে ২০২৪ সালের ২ মে তারিখে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়৷ প্রতিবেদনে নানা ছবির সংযুক্তি পাওয়া যায়, যার ১টি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। ছবিটি সম্পর্কে বলা হয়, এটি রদ্রিগো ব্রাগা নামের এক ব্রাজিলিয়ান শিল্পীর ‘Compensation Fantasy’ নামে ২০০৪ সালের একটি শিল্পকর্মের ছবি।

প্রতিবেদনে রদ্রিগো সম্পর্কে বলা হয়, রদ্রিগো ব্রাগা হলেন ব্রাজিলের মানাউস শহর থেকে আসা একজন সমকালীন শিল্পী। ব্রাগার শিল্পকর্ম মানুষ ও প্রকৃতির সম্পর্কের জটিল অনুসন্ধান, যেখানে তিনি প্রায়ই প্রাণী, মানবদেহ এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপাদান ব্যবহার করেন, যা দর্শকের ধারণাকে চ্যালেঞ্জ করে এবং গভীর আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এছাড়াও, অনুসন্ধানে ‘রদ্রিগো ব্রাগা’র নামের একটি ওয়েবসাইট পাওয়া যায় যেখানে আলোচিত দাবিতে প্রচারিত ছবি তৈরির নানা ধাপ দেখানো হয় এবং বলা হয় এটি রদ্রিগো ব্রাগার ২০০৪ সালে তৈরি শিল্পকর্ম। এছাড়াও, শিল্পকর্ম তৈরির প্রক্রিয়া হিসেবে বলা হয়, শিল্পকর্মে কুকুরের মুখের অংশ ব্যবহার করা হয়েছে তবে শিল্পকর্মে ব্যবহৃত কুকুরটিকে শিল্পী হত্যা করেননি। প্রক্রিয়াটি ‘আইনগত অনুমতি’, ‘স্বাস্থ্যবিধি’ ও ‘নৈতিক নিয়ম’ মেনে করা হয়েছিল। কুকুরটি আগে থেকেই সরকারি প্রাণী নিয়ন্ত্রণ কেন্দ্রের তত্ত্বাবধানে ছিল এবং দত্তক নেওয়ার অপেক্ষায় ছিল। পরে শহরের জনস্বাস্থ্যের নিয়ম অনুযায়ী রোগ নিয়ন্ত্রণের অংশ হিসেবে সরকারি কর্তৃপক্ষ কুকুরটিকে ব্যথাহীনভাবে মৃত্যুদান করেছে। সাধারণত এসব প্রাণীর মৃতদেহ দাহ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে শিল্পী অনুমতি নিয়ে মৃতদেহটি শিল্পকর্মে ব্যবহার করেন, এবং এটি একজন পশু-চিকিৎসক ও সহকারীর মাধ্যমে পরিচ্ছন্ন, আইনসম্মত ও নৈতিকভাবে পরিচালিত হয়েছে।

পাশাপাশি, রদ্রিগো ব্রাগার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও আলোচিত ছবির বিষয়ে ২০২৪ সালের পোস্ট পাওয়া যায় যেখানে তিনি লিখেন ‘Compensation Fantasy’ নামক এই আর্ট সিরিজটি ২০০৪ সালের ৯ ডিসেম্বর রিলিজ করা হয়েছিল। তার বায়ো অনুযায়ী তিনি ফ্রান্সভিত্তিক ব্রাজিলিয়ান শিল্পী। এছাড়াও, আরো একাধিক প্ল্যাটফর্মেও আলোচিত ছবি রদ্রিগো ব্রাগার শিল্পকর্মের ছবি দাবিতে পাওয়া যায়। উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত পোর্টেট ছবিটিও রদ্রিগো ব্রাগার।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, প্রচারিত ছবি প্রকৃতপক্ষে এক শিল্পকর্মের ছবি।

সুতরাং, রদ্রিগো ব্রাগা নামের ফ্রান্সভিত্তিক এক ব্রাজিলিয়ান শিল্পীর শিল্পকর্মের ছবিকে কুরআনকে অপমান করায় লিবিয়ায় এক ব্যক্তির কুকুরের মত হয়ে যাওয়ার ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: