নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধের কোনো ঘোষণা দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি, ‘ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকবে! একি ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধের ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Aaf Times’ নামের একটি ইউটিউব চ্যানেলে ১ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির থাম্বনেইলের সাথে টিকটকে প্রচারিত ভিডিওগুলোতে থাকা স্ক্রিনশটের উল্লেখ মিল পাওয়া যায়। তবে থাম্বনেইলে উল্লিখিত দাবিটি করা হলেও বিস্তারিত ভিডিওতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অর্থাৎ, এই ভিডিও থেকেই আলোচিত দাবিটির সম্ভাব্য সূত্রপাত হয়েছে বলে প্রতীয়মান হয়।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। প্রথম আলোর ওয়েবসাইটে ১ ফেব্রুয়ারি ‘নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।’
এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo – নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Rumor Scanner’s analysis

