বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত নয় শীর্ষক মন্তব্য করেননি রাষ্ট্রদূত রুডিগার, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের মন্তব্য দাবিতে “বর্তমানে বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!- রাষ্ট্রদূত রুডিগার” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বর্তমানে বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!- রাষ্ট্রদূত রুডিগার” শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাদেশ টাইমস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাদেশ টাইমস এর লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২৬ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ টাইমস এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ২৬ নভেম্বর বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত: রাষ্ট্রদূত রুডিগার’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘বর্তমানে বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!- রাষ্ট্রদূত রুডিগার’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, রাষ্ট্রদূত রুডিগার২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় উক্ত মন্তব্য করেন’।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, “বর্তমানে বাংলাদেশে কোন বিনিয়োগের জন্য উপযুক্ত না!- রাষ্ট্রদূত রুডিগার” শীর্ষক দাবিতে বাংলাদেশ টাইমস এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Times : Facebook Post

