রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও তারেক রহমানকে নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে ভুয়া মন্তব্য প্রচার

গত ২৮ এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং শুরুর মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এর ফলে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় ৩৩তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।

এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “মাত্র দুই মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে নজির স্থাপন করলো তারেক রহমান।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “মাত্র দুই মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে নজির স্থাপন করলো তারেক রহমান।” শীর্ষক কোনো মন্তব্য ইকবাল হাসান মাহমুদ টুকু করেননি। প্রকৃতপক্ষে, তাকে উদ্ধৃত করে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, ইকবাল হাসান মাহমুদ টুকুর সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

এছাড়াও, ইকবাল হাসান মাহমুদ টুকুর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করে তার এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ইকবাল হাসান মাহমুদ “মাত্র দুই মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে নজির স্থাপন করলো তারেক রহমান” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Iqbal Hassan Mahmood – Facebook Page
  • Rumor Scanner’s own analysis
Share: