যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এরই প্রেক্ষিতে, ‘ইসরাইলে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইরান আলহামদুলিল্লাহ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লাখ ৪৪ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েলে ইরানের বিমান হামলার নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে গাজায় ইসরায়েলেরর বিমান হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Associated Press’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৮ অক্টোবর ‘Israeli airstrikes hit Gaza in response to Hamas attack’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩ সেকেন্ড অংশ থেকে ১৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর বিবরণী থেকে জানা যায়, সেসময় হামাস শাসকদের আক্রমণের জবাবে গাজা শহরের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একটি বহুতল ভবন ধসে পড়ে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে ২০২৩ সালের ৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের কেন্দ্রস্থলের বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল ১১ তলা বিশিষ্ট প্যালেস্টাইন টাওয়ার, যেখানে হামাস-সংশ্লিষ্ট একটি রেডিও স্টেশনও ছিল। এসব হামলার ফলে গাজা শহরের বেশ কয়েকটি বড় ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।
সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩, ৪) প্রকাশ করে।
সুতরাং, ২০২৩ সালে গাজায় ইসরায়েলেরর বিমান হামলার ভিডিওকে ইসরায়েলে ইরানের বিমান হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Associated Press – Israeli airstrikes hit Gaza in response to Hamas attack
- The Guardian – Israel-Hamas war: what happened in first few days and what caused the conflict?


